২৮মে জাতিসংঘের WSIS পুরস্কার গ্রহণ করবেন প্রতিমন্ত্রী পলক
আন্তর্জাতিক অঙ্গনে তথ্য ও প্রযুক্তি খাতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে আগামী ২৮মে ২০২৪ তারিখ সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত ফোরামে জাতিসংঘের ওয়ার্ল্ড সামিট অন ইনফরমেশন সোসাইটি (ডব্লিউএসআইএস) পুরস্কার-২০২৪ পুরস্কার গ্রহণ করবেন বাংলাদেশে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। আইসিটি বিভাগের উদ্যোগে দেশের ডেভেলপারদের তৈরি নিরাপদ ভিডিও কনফারেন্সিং সিস্টেম ‘বৈঠক’ এর জন্য Building confidence and security in use of ICTs ক্যাটেগরিতে উইনার হিসেবে এই পুরস্কার গ্রহণ করবেন তিনি।
বৈঠকের জন্য বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল-কে এই সম্মাননায় ভূষিত করে ডব্লিউএসআইএস থেকে এক ই-মেইল বার্তায় এ তথ্য জানানো হয়।
কোভিড ১৯ অতিমারী কর্তৃক সৃষ্ট চ্যালেঞ্জসমূহ মোকাবেলা করার জন্য বিসিসি উদ্ভাবন করে ‘বৈঠক’ নামক ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্ম। এখনও পর্যন্ত এই প্ল্যাটফর্ম ব্যবহার করে ২,৫০০+ মিটিং, সভা, সেমিনার, কর্মশালা, অনলাইন ক্লাস, ওয়েবইনার, নীতি নির্ধারণী আলোচনা সভা, প্রশিক্ষণ, চাকুরির ইন্টারভিউ প্রভৃতি সফলভাবে সম্পন্ন হয়েছে।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের এ অর্জনে অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে এবং প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদের সার্বিক তত্ত্বাবধানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জাতিসংঘের ‘ওয়ার্ল্ড সামিট অন ইনফরমেশন সোসাইটি অ্যাওয়ার্ড-২০২৪’-এর এ অ্যাওয়ার্ড ভবিষ্যতে বিভিন্ন সফল উদ্যোগ নিতে সবাইকে অনুপ্রাণিত করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এছাড়া এটুআই এর ‘শিক্ষক বাতায়ন’ ক্যাপাসিটি বিল্ডিং ক্যাটাগরিতে এবং ইউনিসেফ বাংলাদেশ এর Oky, the period tracker app for girls by girls ই-হেলথ্ ক্যাটাগরিতে ওয়ার্ল্ড WSIS সামিট অন ইনফরমেশন সোসাইটি (ডব্লিউএসআইএস) পুরস্কার-২০২৪এ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
বিশ্বের বিভিন্ন দেশ থেকে জমা দেওয়া ১০৪৯টি প্রকল্প/ উদ্যোগ থেকে বাছাই করে ৩৬০টি প্রকল্পকে ভোটাভুটির জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এই বছর বাংলাদেশ থেকে সর্বমোট তিনটি প্রকল্প/উদ্যোগ পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছে, এর মধ্যে বিসিসি'র বিএনডিএ টিম কর্তৃক প্রস্তুতকৃত বৈঠক ভিডিও কনফারেন্সিং সিস্টেমটি 'উইনার' হিসেবে নির্বাচিত হয়েছে।
প্রসঙ্গত, WSIS পুরস্কার নির্ধারণে প্রত্যেক ক্যাটাগরিতে একাধিক উদ্যোগ বা প্রজেক্টকে ভোটের মাধ্যমে চ্যাম্পিয়ন হিসেবে নির্বাচন করা হয়। তার মধ্যে থেকে একটিকে উইনার হিসেবে ঘোষণা করা হয়। এবছর ১৮ টি প্রজেক্টকে উইনার ও ৭২ টি প্রজেক্টকে চ্যাম্পিয়ন হিসেবে পুরস্কৃত করা হবে।







